পাবনায় ট্রাকচাপায় ভ্যানের চালকসহ নিহত ২ 

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–চাটমোহর উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)। এই ঘটনায় আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলীকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মমিন তার ব্যাটারিচালিত ভ্যানে করে অমৃতকুন্ডা হাটে যাচ্ছিলেন কৃষক নজরুলসহ কয়েকজন। পথে সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এসময় ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই দুইজন মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও ভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।