পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজ ভিক্ষুক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন– নিহত ভিক্ষুক চিন্তা রানীর (৬৬) জামাতা মুকুল চন্দ্র রায় (৩৬) ও নাতজামাই মহাদেব ঋষি (২৫)।
গ্রেপ্তারদের বাড়ি নীলফামারী জলঢাকার বালাগ্রাম ও ডিমলার সোনাখুলি এলাকায়। মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়ায় বাড়ির একটি কূপ থেকে চিন্তা রানীর মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। স্বজনরা জানায়, তিন দিন যাবৎ বৃদ্ধার খোঁজ পাচ্ছিলেন না তাঁরা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মাথায় আলামত সংগ্রহসহ হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচন হয়েছে বলে জানান তিনি।