কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে আসে।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিবিড়ের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতের এক কিলোমিটার দূরে হারুন নামের আরও একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমে স্রোতের কবলে পড়ে নিখোঁজ হন কয়েকজন পর্যটক। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তৎপরতা চালায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান জানান, সাতজন পর্যটক সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। এ সময় কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান ওই পর্যটকেরা। একপর্যায়ে তারাও স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। এ ঘটনায় বুধবার তিনজনের মরদেহ উদ্ধার হয়। সবশেষে বৃহস্পতিবার উদ্ধার হয় আরও ২ মরদেহ।


