দিনাজপুরের বীরগঞ্জের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. সৈকত এবারের এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার আগের দিন সৈকতের জীবনে নেমে আসে এক ঝড়। হঠাৎ করেই গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সৈকতের বাবা মো. শফিউল আলম সুরুজ মারা যান।
বাবার দাফন এখনও শেষ হয়নি। বাড়িতে বাবার মরদেহ রেখে সৈকত আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তাঁর নামাজের জানাজা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোপাল দেব বলেন, ‘মৃত বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।’
বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মারা গেলেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে সে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়েছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি।’