দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আটক ছয় শিক্ষার্থী জামিনে মুক্ত

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আটক ৬ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিচারক জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পরে তারা দিনাজপুর কারাগার থেকে মুক্ত হয়। জেলা কোট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলো— নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সামিউল ইসলাম (২০), চিরিরবন্দর উপজেলার কলেজপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মান্নান (২৫), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেন (১৯), সদর উপজেলার পাহাড়পুর মহল্লার মো. আব্দুর রাকিবের ছেলে মোহাম্মদ আবু রায়হান (১৯), একই এলাকার চারুলিয়াপট্টির শাহজাহান আলীর ছেলে রাকিব হাসান (২৪) ও ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মোতাছের রহমানের ছেলে রবিউল ইসলাম (২৩)।

দিনাজপুর জেলা কোট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছাত্রদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা জেল কারাগারে আটক ছয় শিক্ষার্থীর জামিন আবেদন করেন।

লিয়াকত আলী আরও জানান, আজ সন্ধ্যার পর কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ছিল তারা।