বিএনপি ভোটের কথা বললে জনবিচ্ছিন্ন দলগুলোর গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন। আজ বুধবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষক দলের সভাপতি বলেন, ‘বিএনপি যখনই নির্বাচনের কথা বলে, যে সকল দলের জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের গায়ে জ্বর আসে। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন একটি সুষ্ঠু আবার নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা কি সারাজীবন ভোটের জন্য অপেক্ষা করব?’
হাসান জারিফ তুহিন আরও বলেন, ‘’যদি কোনো সরকার অথবা গোষ্ঠী ভোটের পরাজয় জেনে শহীদ জিয়ার সৈনিক জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা রাজপথে থেকে ভোটের অধিকার নিশ্চিত করব।
বিগত সরকারের সমালোচনা করে কৃষক দলের সভাপতি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত সাড়ে ১৫ বছরে কৃষকের কষ্টের প্রায় দুই লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও দিতে পারিনি। ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি করেছে। যে কীটনাশক দিয়ে পোড়া মাকড় দমন করা হয়, আওয়ামী লীগের আমলে সেই কীটনাশক খেয়ে দুইজন কৃষক আত্মহত্যা করেছে।’
হাসান জাফির তুহিন আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। শস্য বীমা চালু, খাল খনন কর্মসূচি পুনরায় চালু, সমবায়ভিত্তিক চাষ পদ্ধতি চালু, আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু, বিনাসুদে কৃষি ঋণের ব্যবস্থা করা, সারা দেশে বিশেষায়িত কোল্ড স্টোরেজ চালু, প্রতিটি পরিবারে শাকসবজির বীজ চারা বিতরণের ব্যবস্থা, কৃষি বীজ ব্যাংক চালুসহ কৃষি ও কৃষকের জন্য সব ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন কৃষকদল এই কৃষক সমাবেশের আয়োজন করে।
এতে বীরগঞ্জের মরিচা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় কৃষকদলের সভাপতি আনোয়ার সাদাত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার, সদস্যসচিব মো. মজিবর রহমান মজিবসহ প্রমুখ।