পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে জোর করে পাঠানো হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪২১ দিয়ে ভারতের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশ-ইন করেছে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ চারজন, নারী তিনজন এবং শিশু চারজন। সকালে তাদের মাগুড়া ইউনিয়নের রজলী থেকে আটক করে বিজিবি।
এদিকে কাছাকাছি সময়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পেদিয়াগছ সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা পাঁচজনকে পুশ-ইন করে। পরে পেদিয়াগছ সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। তারা বর্তমানে বিজিবির হেফাজতে আছেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।
এর আগে পাঁচ দফায় নারী, শিশুসহ ৬৭ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভোরের দিকে দুই সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশি নাগরিক ১২ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাকি চারজন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের ভারতে ফেরত দিতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিএসএফের মাধ্যমে আটককৃতদের ভারতীয় হিসেবে পরিচয় নিশ্চিত করার পর ফেরত পাঠানো হবে।