দিনাজপুরে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১২টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন নিজ বাড়িতে দানিউল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী এবং পুলিশ জানায়, নিহত দানিউল ইসলামের পরিবার, স্ত্রী ও ছেলে দিনাজপুর শহরে বসবাস করে। তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু'এক দিন রাত্রিযাপন করেন। মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে থাকে।

নিহত দানিউল ইসলাম ও তার বাড়ির দেখাশোনা করতেন বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম।  

শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে ডাকাডাকি করেও দানিউল ইসলামের কোন সাড়াশব্দ না পেয়ে তার আত্মীয়স্বজনকে বিষয়টি জানায়। পরে দানিউল ইসলামের আত্মীয়-স্বজনরা এসে শয়নকক্ষের বিছানায় দানিউলকে রক্তাক্ত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ দানিউল ইসলামের লাশ উদ্ধার করে। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।