কুড়িগ্রামে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক স্বাস্থ্যকর্মী নিহত

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা সিভিল সার্জন অফিসের সাবেক এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উলিপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুর রহমান ও আব্দুল মতিন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুর রহমান কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে।

মোটরসাইকেলের আরেক আরোহী আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার বাড়ি জেলা শহরের মুন্সিপাড়া গ্রামে।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি স্থানীয়রা আটক রাখলেও ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’