বিশ্বকাপ ফুটবলের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার হাটিথানার পুটিমারী এলাকায় আর্জেন্টিনার ভক্তরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন প্রায় ২০০ হাত দীর্ঘ একটি বিশাল পতাকা। দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই ব্যতিক্রমী আয়োজন দেখতে।
কয়েকদিন ধরে এলাকার তরুণরা দিন-রাত পরিশ্রম করে তৈরি করেছেন এই বিশাল পতাকা। স্থানীয় সমর্থকদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। পতাকা তৈরির কাজে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। তাদের ভাষ্য, ফুটবলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
বিশাল পতাকাটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সেই মুহূর্ত। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
মাঠের খেলা শুরু হতে এখনও বাকি। কিন্তু চিলমারীর এই গ্রামে ফুটবল উৎসব যেন শুরু হয়ে গেছে আগেভাগেই। বিশাল এই পতাকা তাই শুধু একটি দলের প্রতি সমর্থন নয়, বরং খেলাকে ঘিরে মানুষের ভালোবাসারই প্রতিচ্ছবি।