বিএসএফ বাংলাদেশিকে নিয়ে যাওয়ার পর ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় বাংলাদেশ অংশে আসামাত্রই তাকে আটক করেছে সীমান্তের লোকজন। শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩০) নামে ওই ভারতীয়কে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। 

আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

সীমান্তের লোকজন জানায়, আজ সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে, গত বুধবার সকালে পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।