পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল। এ বিলে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা।
ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো বিলজুড়ে ফুটে থাকে অসংখ্য সাদা পদ্ম।
এই বিলে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে অনেকে তোলেন ছবি।
তবে বিলে চলাচলের জন্য নৌকা না থাকায় দর্শনার্থীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কাঠের সাঁকোই একমাত্র ভরসা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার বলেন, ‘বেড়াতে এসে দর্শনার্থীরা যেন পদ্ম ফুল নষ্ট না করে, সে বিষয়ে নজরদারি করছে প্রশাসন।’
প্রকৃতির অপার সৌন্দর্য আর পর্যটনের সম্ভাবনা— দুই মিলিয়ে নতুন পরিচয় পাচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল।