পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল মানুষ উপকৃত হবেন।’
প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ, মৎস্যসম্পদ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


