ধানখেতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। আজ ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাইবান্ধার সীমান্তবর্তী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজনু সরকার (৪৬) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।  তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মজনু সরকারকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।