লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।