থ্রি হুইলারকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি ও দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০) মারা যান। 

শুক্রবার বিকেলের দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় দুর্ঘটনা হয়। এদের মধ্যে রাতে মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দীঘি এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় হুইলারটি। এসময় আট যাত্রী আহত হয়। 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাহমুদা আক্তার (৩৫), তার মেয়ে আল আকসা (৭)–সহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।

অন্য আহতরা হলো– উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।

বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে।  এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’