রংপুরে চলন্ত বাস থেকে ফেলে ২ যুবককে হত্যার অভিযোগ

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বাসটি আটক করে এবং চালক ও সুপারভাইজারকে মারধর করে।

আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

নিহতরা হলেন-নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন মুকুল, শাকিবসহ একই এলাকার ছয়জন। কাজ শেষে ‘সায়মন এক্সক্লুসিভ পরিবহন’ নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাসভাড়া নিয়ে বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের একজনকে বাসের ভেতরে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ রয়েছে, এ সময় বাসের লোকজন লাথি দিয়ে চলন্ত বাস থেকে মুকুল ও শাকিবকে নিচে ফেলে দেন। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

পরে বাসের ভেতরে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা দুজনকে পড়ে থাকতে দেখি। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’