গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন–ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোটার তাজরুল ইসলাম, সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, শনিবার বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার ভুমি মো. আল ইয়াসা রহমান তাপাদার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা স্থানে অভিযান পরিচালনা করেন। অবৈধ বালুগুলো জব্দ করে এবং বালু বহনে চারটি ট্রাক্টর জব্দ করে। অভিযানের ভিডিও তথ্য নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে হঠাৎ তিনটি মোটরসাইকেলে নয়জন পথ রোধ করে তাদের। পরে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবং মব সৃষ্টি করে বেধড়ক মারধর করা হয় তাদের। ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখে। এ সময় তাদের হাতে জোড় করে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারন করে বালুদস্যু সংবদ্ধচক্রটি।
ভুক্তভোগীদের অভিযোগ, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে তাদেরকে মারধর করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধারের কথা আমি শুনছি। জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।


