দিনাজপুরের বোচাগঞ্জে পাওনা টাকা না দেওয়াকে কেন্দ্র করে শ্রী গণেশ ভট্টাচার্য নামের এক পুরোহিত কে হত্যার ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের দীর্ঘনাথ রায়ের ছেলে মাধব চন্দ্র রায় এবং একই গ্রামের মৃত দয়ারাম চন্দ্র রায়ের ছেলে ঝড়ু চন্দ্র রায়।
পুলিশ সুপার বলেন, পুরোহিত গণেশ বেশ কিছুদিন আগে সুদের উপরে মাধব এবং ঝড়ুর কাছ থেকে প্রায় এক লাখ বিশ হাজার টাকা ঋণ নেয়। সেই টাকা দীর্ঘদিন ও পরিশোধ করতে না পারায় গত শনিবার রাতে মাধব, ঝড়ু এবং নিহত গণেশের ভগ্নিপতি বঙ্কিমচন্দ্র রায় পরিকল্পিতভাবে গণেশকে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নেয়। সেখানে কথাবার্তা এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসামিরা পুরোহিত গণেশ কে হত্যা করে মরদেহপাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত পুরোহিতের স্ত্রী পরের দিন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
থানা সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর পুলিশ সুপার ইফতেখার আহমেদের সার্বিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পুলিশের একটি দল আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।