সুনামগঞ্জে ৮ দিন পর নদী পথে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু 

নদীতে টোলের নামে চাঁদাবাজির কারণে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানি কারক সমিতির ডাকে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বড়ছড়া, চারাগাও ও বাগলি শুল্কস্টেশন থেকে নদী পথে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে। 

এর আগে রোববার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক বৈঠক হয়। এতে নদীতে টোলের নামে অতিরিক্ত টাকা আদায় হবে না-এমন আশ্বাসের প্রেক্ষিতে ৮ দিন পর নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানি কারক সমিতির সচিব রাজেশ তালুকদার।

গত ১০ সেপ্টেম্বর (রোববার) দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং উপজেলার পাটলাই নদী পথে পরিবহন বন্ধ রাখেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানীকারকেরা। 

সুনামগঞ্জের এসব শুল্কস্টেশনের প্রায় সাত শ আমদানিকারক কতৃর্ক চুনাপাথর ও কয়লা পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে ইঞ্জিনচালিত নৌকা বা বাল্কহেডে মালামাল লোড দেওয়ার সময় বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহশিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করত কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, এখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়।

বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, ‘আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত হারের চেয়ে কোনো টাকা নিতে পারবে না।’