মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলযোগে চারজন যুবক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা ভিতরে প্রবেশ করে বিদ্যালয়ের দরজায় প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছুড়ে মারে।  আগুন লাগিয়ে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা বিদ্যালয়ের আগুন নিভিয়ে ফেলেন। 

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও মৌলভীবাজার সহকারি রিটার্নিং অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, ’আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। এসময় চারজন লোক মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।’ 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম নজরুল বলেন,‌ ’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।’