সুনামগঞ্জে দু–পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু–পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ঘটনার পর পুলিশ ছয়জনকে আটক করেছে।

উপজেলার উজানধল গ্রামে আজ সোমবার বেলা ১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই উপজেলার উজানধলের ছুফি মিয়া ও দানু মিয়ার মধ্যে গ্রামের পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। বিরোধকৃত জমিতে সম্প্রতি চাষাবাদ করেন দানু মিয়ার পক্ষের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার সকালে ছুফি মিয়ার পক্ষ জমিতে যেতে চাইলে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র–সস্ত্র নিয়ে সংঘর্ষে হয়। 

এ সময় ঘটনাস্থলেই মারা যান দানু মিয়ার শ্বশুর আনোয়ার মিয়া (৫৫)। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ দিরাই হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।