হ‌বিগ‌ঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জ শহরতলির সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র ক‌রে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত টেঁটাবিদ্ধসহ ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার সন্ধ্যায় ৭টার দি‌কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার আলমর বাজারের একটি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে নয়া পাতারিয়া গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের লোকজনের সঙ্গে একই গ্রামের কাশেম মিয়ার লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে এ সংঘর্ষ হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হন।

সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগুরুতর আহত টেঁটাবিদ্ধসহ ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে সি‌লেট ওসমানী হাসপাতা‌লে পাঠানো হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, একটি স্ট্যান্ড দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।