সিলেটে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

সিলেটের গোলাপগঞ্জে প্রবাসফেরত ছেলে সুলতান আহমদের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন বাবা দুলু মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া একই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। সুলতান আহমদ সাত মাস আগে ফ্রান্স থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে ফেরার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সুলতান আহমদের। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান দুলু মিয়া।

পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও ছেলে সুলতান আহমদকে আটক করে। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, বাবার সঙ্গে দ্বন্দ্বে প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মনিরুজ্জামান জানান, সুলতান আহমদের মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে।