ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্যা ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামেলা আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন। বৃহস্পতিবার সকালে রাহিমকে বাড়িতে রেখে তিনি কর্মস্থলে যান। পরে খবর পান, তার ভাই মাকে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির একজন নারী দোতলার ছাদ থেকে সামেলা আক্তারের রক্তাক্ত মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে রাহিম শেখ তার সৎ মাকেও কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কয়েক বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি মাদকাসক্ত ও উগ্র আচরণ করতেন এবং প্রায়ই মা, ভাই-বোনের ওপর নির্যাতন চালাতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শুকান্ত দত্ত বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরিবারের দাবি, অভিযুক্ত রাহিম শেখ মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্তের কক্ষ থেকে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতিসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



