গুম-খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ 

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটির তিন নেতার নামে মামলা

গুম-খুন ও ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির তিন নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই কমিটির যুগ্ম সংগঠক সুমাইয়া আক্তার বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ, যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান ও রেদোয়ান মুন্সি।

বিচারক ছগির আহমেদ তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুর রহমান।

বাদী সুমাইয়া আক্তার বলেন, ‘ফান্ড সেলের কমিটির আয়-ব্যয়ের হিসাব চাওয়ার পর থেকেই তারা খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করার পর, ৮ মে কোতোয়ালি থানায় জিডি করা হয়। তারপর ১০ মে বিকেলে অফিসে যাওয়ার সময় আসামিরা আমার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা গুম-খুন ও ধর্ষণের হুমকিও দেয়।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে আমিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার কেউই জড়িত নয়।’

এ বিষয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপির) অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ৮ মে কোতোয়ালী থানায় একটি জিডি করেন সুমাইয়া আক্তার। মূলত ফান্ড সেলের হিসাব চাওয়া নিয়ে অভিযুক্তরা সুমাইয়া আক্তারকে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দেওয়ায় জিডিটি করা হয়। বর্তমানে সেটি তদন্তাধীন । তবে আদালতের মামলার বিষয়টি এখনো থানায় আসেনি।’