সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

সোমবার (১৯ জানুয়ারি) থেকে কাজে ফিরছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা। আগামীকাল সকাল ৮টা থেকেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তাঁরা। আজ দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা।

গণমাধ্যমকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক বলেন, 'গতকাল প্রশাসনের অনুষ্ঠিত হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে আজ দুপুরে আবার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে।'

চিকিৎসক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনা ঘটার সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পাওয়াসহ তাঁদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনের আশ্বাসে আগামীকাল সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধন্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনীর জানান, আগামীকাল সকাল ৮টা থেকে কর্মক্ষেত্রে ফিরছেন ইন্টার্নরা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের দাবি দাওয়াগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার রাতে হাসপাতালের ৪ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হোন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্টার্ন চিকিৎসকরা।