সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ-তে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া হাওরে চলাচলকারী সব নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে হাউসবোট ও ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এছাড়া নৌযান চলাচল আবার শুরু হলে, সেখানে উচ্চস্বরে গানবাজনা ও কোনো পার্টির আয়োজন করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখার পাশাপাশি হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে রাখার নির্দেশনাও দিয়েছে জেলা প্রশাসন।