মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, ‘আলামত পায়নি’ পুলিশ 

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। 

মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। 

তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফেসবুক লাইভে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রোল বোমা ছোড়া হয়।

মাহদী হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘মাহদীর বাড়ির সামনের তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও জানান, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন ওসি।