মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার দীর্ঘ ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিসির কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর ফলে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়ে হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন। চট্টগ্রাম থেকে পায়রা বন্দরের মালবাহী গাড়িসহ বিভিন্ন গন্তব্যের যানবাহন দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে নরসিংহপুর ঘাটে যাওয়ার পথে বেড়াচাক্কি এলাকায় একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ফেরিতে থাকা তিন শিশু গাড়ির ওপরে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু তরিকুল মারা যায় এবং অপর দুই শিশু আহত হয়। এই ঘটনায় নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং পুলিশ ফেরি মাস্টারকে গ্রেপ্তার করে।


