সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে একটি বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা চারজন প্রাণে বেঁচে যান। তবে এদের মধ্যে দুজন আহত হয়েছেন। এদিকে নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন–জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।
স্থানীয়রা জানান, উপজেলার ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীতে নোঙর করে রাতযাপনের জন্য নৌকাটিতে অবস্থান করছিলেন ছয় শ্রমিক। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন ছিলেন বালুর ওপর। তাদের অজানাতে গভীর রাতে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে।
একপর্যায়ে নদীর তীরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীর তলদেশে তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন। তবে বাকি চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুর্ঘটনায় আহত হন দুই শ্রমিক। ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি নৌকাডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।