মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড 

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। 

তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আসামি সালাউদ্দিন আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওইদিন স্ত্রী রায়না বেগমকে আনতে শ্বশুরবাড়িতে যান সালাউদ্দিন। পরদিন স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন তিনি। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে যান শ্যালিকা মনি বেগম। তখন সালাউদ্দিন তাকেও ছুরিকাঘাত করেন। শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনি বেগমের। এ ঘটনায় আদালত আজকে এই রায় দিলেন।

এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের ভাই মজিদ মিয়া এবং আসামির স্ত্রী রায়না বেগম।