ধান সংকটের গুজব ছড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ানো হয় চালের দাম। আর এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেয় মুনজুরসহ কয়েকটি অটো রাইস মিল। দাম বাড়ানোর প্রতিযোগিতায় তাল মেলায় বড় করপোরেট গ্রুপগুলোও। ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে ধান সংকটের গুজব ছড়ানো হয়।
এক সপ্তাহ ধরে চড়া চালের বাজার। মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। আমন মৌসুম শেষ হওয়ার পরপরই চালের দামে অস্থিরতা হতবাক করেছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের।
রাজধানীর চাল ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন তারা।
চালের বাজারে অস্থিরতার কারণ খুঁজতে রাজধানীর দুটি বাজারের ডজনখানেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ইনডিপেনডেন্ট টেলিভিশন। যাচাই করা হয় অনেকের চাল কেনার রশিদ।
রাজধানীর বাবুবাজারের একটি রাইস এজেন্সির ম্যানেজার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে ধান সংকটের গুজব ছড়ান চাঁপাইনবাবগঞ্জের মিল মালিকেরা। দাম বাড়ানোর দৌঁড়ে সবচেয়ে এগিয়ে মুনজুর অটো রাইস মিল। তারা ৬০ টাকার মিনিকেট বিক্রি করছে ৬৮ টাকা কেজিতে।
ব্যবসায়ীরা বলছেন, সাগর, এরফান, মোজাম্মেল, আতিক অটো রাইস মিলও বেশি দামে চাল বিক্রি করছে।
রাজধানীর কয়েকজন ব্যবসায়ী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, নির্বাচনের আগে তারা চাল বিক্রি বন্ধ করে দেয়। মনজুরই সবার আগে দাম বেশি নিয়েছে।
মুনজুর অটো রাইস মিলের স্বত্বাধিকারী মুনজুর আলী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, যখন ধান না পাওয়া যায়, এই সময়ে ব্যবসায়ীদের একটু ক্ষতি হয়। এতে চালের দাম একটু বেশি হয়ে যায়।
এরপরই দাম বাড়ানোর দৌঁড়ে যুক্ত হয় এসিআই, সিটি, মেঘনা, আকিজসহ বড় করপোরেট গ্রুপ ও মিল মালিকেরা। তবে কিছু ব্যতিক্রম চিত্র উঠে আসে অনুসন্ধানে। কুষ্টিয়ার ছালাম মিলসহ কিছু ছোট কোম্পানি মিনিকেট বিক্রি করছে তুলনামূলক কম দামে।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কুল প্রদীপ চাকমা বলেন, যেখান থেকে তাদের সাপ্লাই করা হচ্ছে, সেই সাপ্লাই পর্যায় থেকে দাম বাড়ানোর কারণে এখানে দাম বেড়েছে। আমাদের তদারকি টিম যেখানে উৎপাদন করে মিলার পর্যায়ে ওখানেও যাবে।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থবছরেও বেড়েছে ধান উৎপাদন। গত অর্থবছরে আউশ, আমন ও বোরো উৎপাদন হয় ৩ কোটি ৯১ লাখ টন। আর চলতি অর্থবছরে আউশ ও আমন উৎপাদন বেশি হয়েছে প্রায় ২১ লাখ টন। আসছে বোরো মৌসুমেও ধানের ফলন লক্ষ্যের চেয়ে বেশি হবে বলে জানায় সংস্থাটি।