নারীর আয়ের করমুক্ত সীমা ৪ লাখ 

নারী ও ৬৫ বছরের বেশি বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব দেন। 

অর্থমন্ত্রী নিজের বাজেট বক্তৃতায় বলেন, ‘মহিলা করদাতা এবং ৬৫ বছরের বেশিয় বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪ লাখ টাকা, তৃতীয় লিঙ্গের এবং প্রতিবন্ধী ব্যক্তির ৪ লাখ ৭৫ হাজার টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ৫ লাখ টাকা, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য ৫০ হাজার টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।’ 

করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য সর্বনিম্ন ৫ হাজার, অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার ও সিটি করপোরেশনের বাহিরের এলাকার জন্য সর্বনিম্ন ৩ হাজার টাকা কর ধার্য হবে বলেও জানান অর্থমন্ত্রী। 

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।