চাহিদা অনুযায়ী আরও ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে থাকে সরকার তিনভাবে চেষ্টা করছে। চাল আমদানিতে অনেককেই অনুমতি দেওয়া হয়েছে। আরও যদি চাহিদা থাকে, যারা আবেদন করবে, তাদের সবাইকে অনুমতি দেওয়া হবে।’
এর আগে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রংপুর বিভাগের জেলা প্রশাসক খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে সার্কিট হাউজে এক মতবিনিময় সভা করেন।
আলী ইমাম মজুমদার বলেন, ‘অবৈধভাবে খাদ্যপণ্য মজুদারদের বিষয়ে সরকার কাউকে ছাড় দিচ্ছে না।’
চালের বাজার নিয়ন্ত্রণে আছে দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, ‘সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ৩০ টাকা ভর্তুকি দেয়। বর্তমানে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকদের লাভ করতে হয়। তাই চালের বাজার কিছুটা বাড়লেও এখন পর্যন্ত সহনশীল আছে। ভবিষ্যতে যাতে চালের বাজার সহনশীল থাকে সে জন্য সরকার তিন ধরনের ব্যবস্থা নিচ্ছে।’
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবার, ছয় মাস ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে। এর মধ্যে প্রায় ১০ লাখ পরিবার রংপুর বিভাগের। এসব পরিবার যাতে সুষ্ঠুভাবে চাল পায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা।