৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তর করার লক্ষ্যে যাত্রা শুরু করলো মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-মিডা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ১২০ দিনের পরিকল্পনা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বিডার চেয়ারম্যান জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় কমানো এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে মিডা। পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংস্থাটি। ৬০-৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগে তৈরি করা পুরো কমার্শিয়াল হাব থেকে জিডিপিতে যুক্ত হবে ১৫০ বিলিয়ন ডলার। প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করেন আশিক চৌধুরী।
এ সময় প্রকল্প বাস্তবায়নে, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশিক চৌধুরী বলেন, ‘আমরা যদি বাংলাদেশে একটি সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশে একটা সাংহাই করতে চাই আগামী ৩০ বছর হাতে সময় আছে। স্বপ্ন দেখতে হবে আগামী ৩০ বছরে মহেশখালী-মাতারবাড়ীকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই।’