অগ্নিকাণ্ডের কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস. এম. রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এস. এম. রাগীব সামাদ বলেন, ‘আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাত ৯টা থেকে আমরা বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করেছি। ৯টা ৬ মিনিটে একটি ফ্লাইট নিরাপদে এখানে অবতরণ করেছে।’
শনিবার দুপুরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে। এছাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ফ্লাইট ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই–১১১৬ শাহজালালের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।