সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রতিযোগিতামূলক দরপত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। তবে আইনে কাঠামোগত সমস্যা রয়েছে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির বলেন, দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাত পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান বা আইনের অধীনে আগে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও জালিয়াতি হয়েছে। এতে জড়িত ছিলেন আমলা, রাজনীতিবিদসহ সরকারে উচ্চ পদস্থ কর্মকর্তারা। যার প্রমাণ পায় এ খাতে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি। এ অবস্থায় পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এক গবেষণা প্রতিবেদনে সিপিডি বলছে, এ আইনে প্রতিযোগিতামূলক দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমরা পিপিএ–পিপিআর ফলো করছি, কিন্তু যেহেতু এটা পাওয়ার সেক্টরের জন্য, এটার জন্য একটা আলাদা প্রকিউরমেন্ট গাইডলাইন থাকতে পারে। যেটি পোস্ট অ্যাওয়ার্ড রিলেটেড জটিলতাগুলো হ্যান্ডেল করবে।’
আলোচনায় বক্তারা বলেন, এসব আইনে স্বচ্ছতার স্থায়িত্ব বেশিদিন থাকে না। অন্য কোনো সরকার যেকোনো সময় এটি বাতিলের শঙ্কা থাকে।
জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘টেন্ডার প্রসেসটার ফলে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু তেমনটা আসেনি। তারপরেও ফরেন ইনভেস্টরদের কান্ট্রির ওপরে তাদের যে কনফিডেন্সটা অনেক কমে গেছে।’
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সাবেক সভাপতি ইমরান করিম বলেন, ‘বহির্বিশ্বের কোনো উদ্যোক্তা যদি বলে বাংলাদেশে কোনো চুক্তি স্বাক্ষরিত হলো, পরবর্তী কোনো সরকার এলে আসলেই সেটা রক্ষ করবে সেটার কোনো গ্যারান্টি কি থাকল আসলে?’
অনলাইনে যুক্ত হয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাতকে সুস্থ ধারায় ফেরানোর চেষ্টায় সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘আমরা একটা দুর্নীতিগ্রস্ত প্রসেস থেকে ট্রানজেকশন করার চেষ্টা করতেছি। আগে ২০১০ সালের যে আইন ছিল, সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি।’
তবে আর্থিক সক্ষমতার মানদণ্ড শিথিল করায় স্থানীয় অংশগ্রহণকে নিরুৎসাহিত হবে বলে মনে করে সিপিডি।