রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন

আগস্ট থেকে যে শুরু হলো, ৬ মাস ধরে আয় কমছেই

টানা ৬ মাস কমল রপ্তানি আয়। জানুয়ারি মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। আয় কমার এই প্রবণতা চলছে গত বছরের আগস্ট থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে জানুয়ারি মাসের এই আয় কমার হিসাবটা গত বছরের জানুয়ারির সঙ্গে তুলনায়। মাস ধরে ধরে তুলনা করলে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আয় বেড়েছে। জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছে ৪৪১ কোটি ডলারের কিছু বেশি। গত ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছিল ৩৯৭ কোটি ডলারের। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রপ্তানি আয় ২ হাজার ৮৪১ কোটি ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ২ হাজার ২৯৮ কোটি ডলার। গত বছরের চেয়ে এই খাতে রপ্তানি বেড়েছে ১১.৭৭ শতাংশ।

তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্যসহ কয়েকটি খাতে রপ্তানি আয় বেড়েছে।