এলপিজি সিলিন্ডারের দাম কমল

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ১৫ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কর হার কমায় ১২ কেজির সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে দাম কমেছে অন্যান্য আকারের সিলিন্ডারেও।

এতদিন এলপিজির উৎপাদন ও বিপণন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ অগ্রিম কর আরোপ করা হতো। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা প্রত্যাহার করে কেবল আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কার্যকর করেছে।

এনবিআর জানায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ এবং এলপিজি অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কর কাঠামো ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে বাজার স্থিতিশীল রাখতে কর হার কমানো হলেও তার ইতিবাচক প্রভাব পড়েনি। ভোক্তাদের সিলিন্ডারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।