এডিপি বাস্তবায়নে ধীরগতিতে হতাশ অর্থমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীরগতিতে গভীর হতাশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রকল্পের কার্যকর এবং দ্রুত বাস্তবায়নযোগ্য উপায় খুঁজে বের করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন অর্থমন্ত্রী।

বৈঠকে কর্মকর্তারা এডিপি বাস্তবায়নের ধীরগতির পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব, ভূমি অধিগ্রহণের সমস্যা এবং আইনি ও প্রশাসনিক জটিলতা। এ ছাড়া অভিজ্ঞ প্রকল্প পরিচালক এবং দক্ষ কারিগরি কর্মীর অভাবে প্রকল্পের বাস্তবায়ন হার কমেছে বলেও তাঁরা মন্ত্রীকে জানান।

পরিস্থিতি উত্তরণে জরুরি ভিত্তিতে উপযুক্ত কর্মকর্তা এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বরাদ্দের মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ ব্যয় করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।