৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও পয়োনিষ্কাশন সুবিধা পাবে।

আজ বৃহস্পতিবার এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ নামের এ প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালগঞ্জের গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা গড়ে তোলা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের আওতায় কৌশলগতভাবে কাছাকাছি অবস্থিত পৌর এলাকাগুলোকে একত্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এডিবির অর্থায়নে পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগ এবং সরকারের উন্নত জনসেবা নিশ্চিত করার অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় স্থানীয় সেবাব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং টেকসই সেবা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোতে সেবার মান উন্নত হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহের বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন বা পুনর্বাসন করা হবে। এসব সংযোগে স্মার্ট মিটার বসানো হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে।

এছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার এবং পানি সরবরাহ ব্যবস্থার নজরদারি ও অপচয় কমাতে ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) গড়ে তোলা হবে। এর ফলে পানি সরবরাহ ব্যবস্থায় অপচয়ের হার ২০২৬ সালের ৫০ শতাংশের বেশি থেকে কমিয়ে ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা এবং অবকাঠামোর সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পানি সরবরাহ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে।

প্রকল্পের আওতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার এবং চারটি জনসাধারণের ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে। এসব সুবিধা নারী, কিশোরী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে। স্থানীয় নারী বাসিন্দারা এসব জনসাধারণের স্যানিটেশন সুবিধা পরিচালনা করবেন।

প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি, পরিচালনাগত ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি কুমিল্লা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

এছাড়া জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাড়িতে পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটার ও পানির মূল্য নির্ধারণব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য নিরাপদ পানির সমান সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

এডিবি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সেবাদানকারী সংস্থার সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পৃথকভাবে আরও ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করা অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। সদস্যদেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করে জটিল উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী অর্থায়ন ও কৌশলগত অংশীদারত্ব কাজে লাগায় সংস্থাটি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্যসংখ্যা ৬৯টি। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য ৫০টি।

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও...
দেশের কয়েকটি স্থানে আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অর্থায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ...
২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা...
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ মাহবুব
বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে দেশে বাজারজারে তাদের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর