ঈদ আসন্ন। আর তাই কেনাকাটার ধুম লেগেছে চট্টগ্রামের ঈদের বাজারেও। ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের সাথে কোনো ধরণের প্রতারণা করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার চট্টগ্রামে কাপড়ের বৃহত্তম মার্কেট টেরী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সংস্থাটির উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জালিয়াতির মাধ্যমে দেশে তৈরি পাঞ্জাবি বিদেশি বলে বিক্রির দায়ে রাজস্থান পাঞ্জাবী হাউস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ পুনরায় না করে সেজন্য প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদকে সামনে রেখে বাজারে তাঁদের এ ধরণের অভিযান চলমান থাকবে।