চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরি, দস্যুতা আর জেলেদের দৌরাত্ম্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের হিসাবে, ৬ মাসে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই বন্দর চ্যানেল ও বর্হিনোঙরের নিরাপত্তায় শুরু হবে ড্রোন দিয়ে নজরদারি।
কর্ণফুলীর কালুরঘাট থেকে পতেঙ্গা হয়ে বঙ্গোপসাগরে উত্তর-দক্ষিণে ৬২ নটিক্যাল মাইল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের জলসীমা। এর মধ্যে পতেঙ্গার বহির্নোঙর এলাকা আলফা, ব্রেভো ও চার্লি অ্যাংকরেজ নামে পরিচিত। গুরুত্বপূর্ণ এই জলসীমায় প্রতিদিন অবস্থান করে পণ্যবাহী অনেক জাহাজ।
বন্দরের তালিকাভুক্ত ওয়াচম্যান, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কাটছে না নাবিকদের আতঙ্ক।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সাবেক সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরি ও ডাকাতির পাশাপাশি আছে জেলেদের উৎপাত। জাহাজ চলাচলের পথে অপরিকল্পিতভাবে জাল বসানোয় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি ও ভোগান্তি।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, ‘বন্দরের জলসীমায় অসংখ্য ছোট নৌযানের চলাচল এবং অনিবন্ধিত ওয়াচম্যানের কারণে অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ থাকায় নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতে ড্রোন দিয়ে নজরদারির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।’
২০২৫ সালেও বন্দরের জলসীমায় ৪টি দস্যুতার ঘটনা শনাক্ত করেছিল রিক্যাপ।


