ফ্যামিলি কার্ড: প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত না হলে অপচয় দেখছে সিপিডি 

ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা না গেলে অর্থের অপচয় হবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গুরুত্বপূর্ণ খাতের অর্থায়ন ক্ষতিগ্রস্ত না করে, ফ্যামিলি কার্ডে অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছে সংগঠনটি। 

আজ মঙ্গলবার রাজধানীতে সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা বলেন, জ্বালানির মজুত বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে হবে।

প্রথম দিকে দুই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা থাকলেও, আগামী পাঁচ বছরের মধ্যে তা বাড়িয়ে প্রায় চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের। 

তবে দুই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে বছরে সরকারের প্রয়োজন হবে ৫০ হাজার কোটি টাকা। যা বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাজেটের প্রায় অর্ধেক। সিপিডি জানায়, সরকারি অর্থের অপচয় ঠেকাতে প্রকৃত সুবিধাভোগীকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনে কার্ডধারী শনাক্তে ডিজিটাল মনিটরিং জরুরি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বলে থাকি সেগুলো হলো প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা। সেটার একটি ডিজিটাল ডেটাবেজ বা পর্যবেক্ষণ ব্যবস্থা করতে হবে। তা না হলে এই অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে স্পষ্ট রোডম্যাপ দিতে সরকারকে পরামর্শ দেয় সিপিডি। যা দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট কাটাতে ভূমিকা রাখবে।

সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের স্ট্যাটিজিক রিজার্ভ নাই। আমাদের আশপাশের বিভিন্ন দেশে রিজার্ভ আছে। ওইটা থাকলে বাজারকে এই ধরনের সমস্যার সময় একটা নিশ্চয়তা দিতে পারে। এখন যেটা হচ্ছে, মানুষের চাহিদা পূরণ করা গেলেও মনে করছে–একটা সংকট সৃষ্টি হবে। এই জন্য যার ১০ লিটার তেল দরকার সে ২০ লিটার নিচ্ছে।’

নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটের প্রধান লক্ষ্য হবে স্বল্প এবং মধ্য মেয়াদে নীতিগত কিছু পদক্ষেপ গ্রহণ করা, যেমন–জ্বালানি নিরাপত্তা জোরদার করা; আমদানি নির্ভরতা কমানো; দেশিয়া জ্বালানির উৎসের উন্নয়ন।’

অর্থনীতিকে স্থিতিশীল করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। তাই বর্তমান সরকারের প্রথম বাজেটে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান সিপিডির।