যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি উবন জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তিতে এসব গম আমদানি হচ্ছে। অর্থাৎ, পণ্য প্রাপ্তি সাপেক্ষে এই গমের অর্থ তুলনামূলক দ্রুত পরিশোধ করতে হবে, এর বিপরীতে অন্য অনেক খাদ্যশস্য আমদানির চুক্তির মতো ঋণ বা ক্রেডিট সুবিধা পাওয়া যাবে না।
শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দরে গম পৌঁছানোর তথ্য জানানো হয়েছে। এটি জি-টু-জি চুক্তির দ্বিতীয় চালান। এর আগেও এ চুক্তির একটি চালানের গম দেশে এসে পৌঁছেছে। চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম এসেছিল।
গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে থাকা মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
দেশে মোট গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টনের মত। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়।