বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত হিসেবে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। বছরের পর বছর এই অতিরিক্ত অর্থ পরিশোধ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, মিটারের মূল দাম উঠে যাওয়ার পরও কেন এই চার্জ বহাল রয়েছে?
বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার।