দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহকারী দেশ কাতার ও ওমান থেকে মে মাসে নির্ধারিত পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসছে না। এ মাসের শেষ সপ্তাহে দীর্ঘমেয়াদে সরবরাহকারীরা বিষয়টি পেট্রোবাংলাকে নিশ্চিত করেছে।
ইরানে যুদ্ধের কারণে কার্গো সরবরাহকারীরা চুক্তি অনুযায়ী সরবরাহ দিতে না পারায় আইনি পদক্ষেপ অর্থাৎ ফোর্স মেজর ঘোষণা করেছে। এর মধ্যে কাতার এনার্জি থেকে দুই কার্গো এবং ওমানের ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে তিন কার্গো এলএনজি আসার কথা ছিল।
পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এসব কার্গো সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি কার্গো স্পট থেকে কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
চলতি এপ্রিলে এলএনজি কিনতে ভর্তুকি বাবদ ৪ হাজার ৫০৯ কোটি টাকা চেয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে অতিরিক্ত আরও ২০ হাজার কোটি টাকা ভর্তুকির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।