ফের বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম, আকাশ ভ্রমণে খরচ বাড়ছে

মাস ঘুরতে না ঘুরতেই ফের জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এবার প্রতি লিটারে ২৫ টাকা করে বেড়েছে এই জ্বালানির দাম। এতে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, নতুন এই সিদ্ধান্ত মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৪ মার্চ এক দফা জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেবার দাম বেড়েছিল লিটারে ৯০ টাকা। তখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। তার আগে উড়োজাহাজের জ্বালানি বিক্রি হতো ১১২ টাকা ৪১ পয়সা দরে।

অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও বাড়ানো হয়েছে জ্বালানির দাম। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৪৮ ডলার বা ১৮২ টাকা।

সাধারণত একটি উড়োজাহাজ পরিচালনার ব্যয়ের অন্তত ৪০ শতাংশ খরচ হয় জ্বালানিতে। ফলে জ্বালানির দাম ওঠানামা করলে এর সরাসরি প্রভাব পড়ে টিকিটের ভাড়ায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় সরাসরি যাত্রীদের ওপর এর প্রভাব পড়বে এবং আকাশপথে যাতায়াতের খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।