আবারও বাড়ল সোনার দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম বাড়ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টা ৫১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭২৮.১৮ ডলারে পৌঁছায়।

গত বুধবারও স্বর্ণের দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। তবে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ০.৫ শতাংশ কমে ৪,৭৫৪.৩০ ডলারে নেমেছে।

বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের দাম কিছুটা বাড়ছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় বাজারে লেনদেন সীমিত।’ তিনি আরও বলেন, ‘স্বর্ণ কি আবার ৫,০০০ ডলারে পৌঁছাবে? হ্যাঁ, তবে তা এখন নয়। হরমুজ প্রণালির অবস্থা নির্ধারণ করবে ভবিষ্যত দিক।’

অন্য ধাতুর বাজারে রুপার দাম কমে প্রতি আউন্স ৭৩.৯৩ ডলার, প্লাটিনাম ২,০১৯.০৫ ডলার, এবং প্যালাডিয়াম বৃদ্ধি পেয়ে ১,৫৫৬.৯১ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,৪৭,৯৭৭ টাকা, ২১ ক্যারেট ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেট ২,০২,৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৬৫,২৭৯ টাকা।